অপহরণের এক দিন পর স্কুলছাত্র উদ্ধার, মামা গ্রেপ্তার
চট্টগ্রামের পাঁচলাইশ থানার নাসিরাবাদ এলাকা থেকে অপহরণ হওয়ার এক দিন পর গতকাল সোমবার রাতে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহূত শিক্ষার্থীর আপন মামাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম সাজিদুর রহমান (১৫) ওরফে সাজিদ। তার বাবার নাম রফিকুল ইসলাম চৌধুরী। সাজিদ নগরের নাসিরাবাদ এলাকার সারমন প্রি-ক্যাডেট স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম এরশাদ উল্লাহ (২৫)। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, নগরের বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর চান্দগাঁও থানার বরাইপাড়া এলাকার একটি তিনতলা ভবনের নিচতলা থেকে সাজিদকে উদ্ধার করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় সাজিদের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘সাজিদকে উদ্ধার করা হয়েছে। সাজিদকে তার মামা এরশাদ নিয়ে গিয়েছিল। সে ফোনে আজ (সোমবার) সকালে আমার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।’ রফিকুল ইসলাম আরও বলেন, ‘এরশাদ একটি গার্মেন্ট কারখানায় চাকরি করত। মূলত আমার উপার্জনেই সে চলত। এখন আর কিছু বলতে চাই না।’ সাজিদের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার সকালে নগরের মুরাদপুরের বাসা থেকে নাসিরাবাদের স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় সাজিদ। এ ঘটনায় রোববার রাতে নগরের পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাজিদের বাবা। এরপর রোববার রাত থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। গতকাল সোমবার সকালে সাজিদের বাবার কাছে ফোনে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে সোমবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানার বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাজিদকে উদ্ধার করা হয়। কীভাবে সাজিদকে অপহরণ করা হয় জানতে চাইলে ওসি আলমগীর হোসেন বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন জানতে পারব, কীভাবে অপহরণ করা হয়। এ ঘটনায় আরও একজন জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আমরা ওই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’