যশোরের বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র তারিকুল আলম ওরফে তুহিনকে অপহরণের প্রায় এক বছর পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তেরও কোনো অগ্রগতি নেই।
তারিকুল শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তাঁর প্রতিপক্ষ শার্শা ও বেনাপোলের সন্দেহভাজন চার রাজনীতিবিদকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ। এ কারণে পুলিশের ভূমিকা নিয়ে তাঁর স্বজনেরা প্রশ্ন তুলেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তবে পুলিশ দাবি করছে, তারা তারিকুলকে উদ্ধার ও ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে।
পুলিশ ও তারিকুলের পরিবারের সদস্যরা জানান, গত বছরের ৭ মার্চ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনে যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিনের ফ্ল্যাট থেকে বের হওয়ার পর তারিকুল নিখোঁজ হন।
তাঁর স্ত্রী সালমা খাতুন বলেন, নিখোঁজ হওয়ায় দুই দিন পরে তারিকুলের মুঠোফোন থেকে তাঁর কাছে ফোন আসে। ওই ফোনে এক ব্যক্তি তাঁকে বলে, তারিকুল তাদের কাছে আছে। ১০ লাখ টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। শেষমেশ পাঁচ লাখ টাকা দিতে (সালমা খাতুন) তাঁরা রাজি হন এবং বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। দুই দিন পরে হঠাৎ তারিকুলের মুঠোফোনে ফোন করে অপহরণকারীরা আরও পাঁচ লাখ টাকা দাবি করে। অনেক দেনদরবার করে আরও তিন লাখ টাকা পাঠানো হয়। কিন্তু তারিকুলকে তারা আর ফেরত দেয়নি। নম্বরটিও আর খোলা পাওয়া যায়নি।
পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তারিকুলের চাচাতো ভাই সুমন মাহমুদ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। তিন মাস পরে ওই মামলার তদন্তের দায়িত্ব পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।
তদন্ত কর্মকর্তা ডিবির ঢাকা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) ইমদাদুল হক জানান, মাস দুয়েক আগে তিনি এ মামলার তদন্তের দায়িত্ব পান। এর আগে ডিবির দুই কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার এক কর্মকর্তা এ মামলার তদন্ত করেন। এখনো তারিকুল নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটন করা যায়নি। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে।
তদন্ত কর্মকর্তা আরও জানান, সন্দেহভাজন হিসেবে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি সোহরাব হোসেনসহ চারজনকে ঢাকায় হাজির হওয়ার জন্য চিঠি দিয়ে ডাকা হয়েছে। কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদের নির্বাচনের অজুহাত দেখিয়ে তাঁরা আসেননি।
ডিবির ঢাকা কার্যালয়ের সহকারী কমিশনার আবুল কাসেম ওরফে বাকি বিল্লাহ বলেন, নিখোঁজ হওয়ার আগের রাতে যারা ন্যাম ফ্ল্যাটে তারিকুলের সঙ্গে দেখা করতে এসেছিল, তাদেরকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। অপহরণকারীরা তাঁকে হত্যার হুমকি দিয়ে তাঁর স্ত্রী সালমা খাতুনের কাছ থেকে মুক্তিপণের আট লাখ টাকা নিয়েছে বলে জানা গেছে।পুলিশ জানায়, সালমার কাছ থেকে পাওয়া নম্বরগুলোর কোনো তথ্য মুঠোফোন প্রতিষ্ঠানগুলোর কাছে পাওয়া যায়নি। এ কারণে তদন্তে অগ্রগতি হয়নি।