অপহরণের এক মাস পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গীর পাগার এলাকা থেকে অপহরণের এক মাস পর স্কুলছাত্র জাহিদ হাসানের (১০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হবিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হবিকুল মুক্তিপণ না পেয়ে জাহিদকে হত্যা করার কথা স্বীকার করেন। জাহিদের পরিবার ও পুলিশের তথ্য অনুযায়ী, টঙ্গীর পাগার এলাকার সোসাইটির মাঠে একটি বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন দুবাইফেরত নূরুল ইসলাম। তাঁর ছেলে জাহিদ স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। তাঁদের পাশের বাড়ির ভাড়াটে অটোরিকশা চালক হবিকুল গত ২ ফেব্রুয়ারি বিকেলে জাহিদকে পাগার এলাকা থেকে অপহরণ করে তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুরে নিয়ে যান। অপহরণের পর হবিকুল মুঠোফোনে জাহিদের বাবার কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুঠোফোনের সূত্র ধরে গত বুধবার কিশোরগঞ্জের গোবিন্দপুর এলাকা থেকে হবিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। হবিকুলের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল শুক্রবার তাঁর গ্রামের বাড়ি থেকে মাটিতে পুঁতে রাখা জাহিদের অর্ধগলিত লাশ উদ্ধার করে।