অপহরণের ঘটনায় আটক, ছিনতাই মামলায় চালান!
যশোরের অভয়নগর উপজেলার এক কলেজছাত্রীকে অপহরণের ঘটনায় পুলিশ গত বৃহস্পতিবার রাতে সিদ্দিপাশা ইউনিয়নের ‘সন্ত্রাসী’ শরিফুল ইসলামকে (৩২) আটক করে। কিন্তু অজ্ঞাত কারণে পরদিন তাঁকে একটি মোটরসাইকেল ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। এলাকাবাসীর কয়েকজন অভিযোগ করেন, উপজেলার চন্দনগাতী গ্রামের শরিফুল ইসলাম কয়েক বছর আগে পাশের আড়পাড়া গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর তিনি একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। এই বাহিনীর মাধ্যমে তিনি এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ, মাদক বিক্রি, ভারতে নারী পাচার, অপহরণ ও হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার চালাতে থাকেন। এসব কর্মকাণ্ডের পর তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন। সুযোগ বুঝে এলাকায় ফিরে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। ৪ আগস্ট তারাবি নামাজের সময় মসজিদের পাশে মুঠোফোনে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে উপজেলার নাউলী ও ধুলগ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে শরিফুলের ছোড়া গুলিতে নাউলী গ্রামের দাউদ শেখ (৪২) গুরুতর আহত হন। দাউদ শেখ গতকাল প্রথম আলোকে বলেন, ‘ওই দিন শরিফুল ও তার সহযোগী ইয়ার আলী গুলি ছোড়ে। একটা গুলি আমার বুকের ডান পাশে লাগে। আমি ১৪ দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এখনো বুকে জ্বালা-যন্ত্রণা করছে।’ শরিফুলের নেতৃত্বাধীন বাহিনী গত বৃহস্পতিবার হিন্দু এক কলেজছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় সিদ্দিপাশা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ওই দিন রাতে শরিফুল ইসলামকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে। ওই রাতেই তাঁকে অভয়নগর থানায় নিয়ে আসা হয়। কিন্তু পরদিন একটি মোটরসাইকেল ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। আদালত শরিফুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এসআই মো. কামরুজ্জামান বলেন, ‘শরিফুলের নামে কোনো মামলা আছে কি না জানি না। তবে এলাকায় সে খারাপ লোক হিসেবে পরিচিত। অধিকাংশ সময় সে ভারতে অবস্থান করে।’ শরিফুলকে অপহরণের ঘটনায় আটকের পর মোটরসাইকেল ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো প্রসঙ্গে জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক প্রথম আলোকে বলেন, ‘শরিফুল দুর্ধর্ষ প্রকৃতির। কেউ কেউ আবার তাঁকে ভালোও বলছে। তাই তাঁকে একটি মোটরসাইকেল ছিনতাই মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।’ ওসি আরও বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। শরিফুলের সম্পর্কে বেশি কিছু জানি না। তবে তাঁর নামে কী কী মামলা অছে, তা খুঁজে দেখা হচ্ছে।’