অপহরণের চার দিন পর আ.লীগ নেতাসহ দুজনের মুক্তি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আওয়ামী লীগের অপহূত নেতাসহ দুই ব্যক্তিকে চার দিন পর মুক্তি দিয়েছে অপহরণকারীরা। গত বৃহস্পতিবার রাতে অপহরণকারীরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে হাটিকুমরুল গোলচত্বরে এসে চোখ বাঁধা অবস্থায় তাঁদের ফেলে রেখে যায়।
সোমবার সকালে পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ভেংডী গ্রামের সেরাজুল ইসলাম মাস্টার ও কয়য়া ইউনিয়নের হোরপাডা গ্রামের জয়নাল আবেদীন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁদের অপহরণ করা হয়েছে বলে বলা হয়। একই সঙ্গে তাঁদের ছাড়িয়ে নেওয়ার জন্য ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনায় জড়িত সন্দেহে গত বুধবার পুলিশ লুৎফর রহমান নামের একজনকে আটক করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুল জলিল বলেন, লুৎফর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং মুঠোফোন কল তল্লাশি করে বুধবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার আলমপুর গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী ছন্দা বেগম ও পাশের ইসলামপুর গ্রামের আকুব্বর আলীর মামা সমাজ আলীকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্যনুযায়ী আকুব্বরের স্ত্রীকে ডেকে আনার জন্য তাঁর বাড়িতে ছন্দাকে পাঠানো হয়। বিষয়টি টের পেয়ে আকুব্বরের স্ত্রী পালিয়ে যান। এ সময় তাঁর মুঠোফোনটি জব্দ করা হয়। এই মুঠোফোনে আকুব্বর পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশের কাছে আটক করা ব্যক্তিদের মারধর না করে ছেড়ে দেওয়া হলে অপহূত দুজনকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হন তিনি। এরপর বৃহস্পতিবার রাত নয়টার দিকে চোখ বাঁধা অবস্থায় দুজনকে হাটিকুমরুল গোলচত্বরে অপহরণকারীরা রেখে যায়। গতকাল শুক্রবার তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ওই থানার ওসি তাজুল হুদা বলেন, অপহরণ ঘটনার সঙ্গে ১২ থেকে ১৫ জনের একটি চক্র জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।