অপহরণের চার দিন পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়া থেকে অপহরণের শিকার এক আদিবাসী গৃহবধূ গতকাল শুক্রবার উদ্ধার হয়েছেন। অপহরণের অভিযোগে ওই গৃহবধূর স্বামী তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন। তাঁরা হলেন গোলাম মোস্তফা, আসাদুজ্জামান ও অনিত সাহা। উদ্ধারের পর অসুস্থ অবস্থায় গৃহবধূকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চার দিন আগে তিনি আহত হন।মামলার বরাত দিয়ে আশুলিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম জানান, অপহরণের শিকার গৃহবধূ ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) ঢাকারিয়া নামে একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত রোববার সকালে কারখানার কাজ শেষ করে আশুলিয়ার বুড়িবাজার এলাকার ভাড়াটে বাসায় ফিরছিলেন। এ সময় গোলাম মোস্তফাসহ কিছু দুর্বৃত্ত তাঁকে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে ধামসোনা ইউনিয়নের সদস্য শাহাদত হোসেনের কার্যালয় থেকে তাঁকে উদ্ধার করা হয়। অপহূতার স্বামী জানান, গতকাল সকালে মুঠোফোনে ইউপি সদস্য শাহাদত হোসেনের কাছ থেকে জানতে পেরে তাঁর কার্যালয়ে গিয়ে স্ত্রীকে দেখতে পান। এরপর বিষয়টি আশুলিয়া থানায় জানালে পুলিশ গিয়ে সেখান থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।