অপহরণের চার দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় মুক্তিপণের দাবিতে অপহরণের চার দিন পর কলেজছাত্র গৌতম সরকারের (২০) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার মহাদেবনগর গ্রামে নিজ বাড়ির পেছনের পুকুর থেকে গৌতমের লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের একজন গতকাল বিকেলে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গৌতম সরকার সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি ঘোনা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য গণেশ সরকারের ছেলে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মহাদেবনগর গ্রামের শাহাদাৎ মোড়ল ও সাজু শেখ; সুড়িঘাটা গ্রামের নাজমুল হোসেন এবং দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মহসিন আলী ও শাওন। গৌতমের লাশ উদ্ধারের পর উত্তেজিত জনতা সাজু শেখ, শাহাদাৎ মোড়ল ও মূল সন্দেহভাজন হিসেবে জামসেদ হোসেনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে।
এদিকে গতকাল বিকেলে শাহাদাৎ মোড়ল হত্যার দায় স্বীকার করে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাবিবুল্লাহর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নিহতের বাবা গণেশ সরকার বলেন, গত মঙ্গলবার রাতে বাড়ির পাশের দোকানে বসে টেলিভিশনে ক্রিকেট খেলা দেখছিলেন গৌতম। ওই সময় মুঠোফোনে একজন তাঁকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। এক দিন পর গৌতমের মুঠোফোন থেকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।