অপহরণের চার দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহরণের চার দিন পর গতকাল শনিবার মেজবাহুল হাসান নামের এক শিশুর অর্ধগলিত ও পোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত মেজবাহুল উপজেলার বিশুলিয়া কাটাবাড়ী গ্রামের আকবর আলীর ছেলে। তিন নারী ছাড়া গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: ওই গ্রামের লোকমান মণ্ডল, মাজেদুল ইসলাম, আইনুল হক, নাসিম মণ্ডল ও আনোয়ার হোসেন।পুলিশ সূত্রে জানা গেছে, ৭ আগস্ট দুপুরে বাড়ির কাছ থেকে মেজবাহুল নিখোঁজ হয়। ওই দিন রাতেই তার বাবা গোবিন্দগঞ্জ থানায় জিডি করেন। পরের দিন দুর্বৃত্তরা মুঠোফোনে মেজবাহুলের মুক্তির জন্য তার বাবা আকবরের কাছে চার লাখ টাকা দাবি করে। গতকাল সকালে স্থানীয় লোকজন বাড়ির অদূরে বাঁশবাগানে মেজবাহুলের লাশটি পড়ে থাকতে দেখে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে, মুক্তিপণ না পেয়ে দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রেখে যায়। লাশটি যাতে সহজে শনাক্ত করা না যায়, এ জন্য দুর্বৃত্তরা এক প্রকার দাহ্য পদার্থ দিয়ে মেজবাহুলের দেহ পুড়িয়ে দেয়।