অপহরণের চার দিন পর স্কুলছাত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীর সিজন মিয়া (১১) নামের এক শিক্ষার্থীকে অপহরণের চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে মনোহরদীর কৃষ্ণপুর এলাকা থেকে অপহৃত হওয়ার পর গত শুক্রবার রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার ছয়আনিটক থেকে তাকে উদ্ধার করা হয়।
সিজন কৃষ্ণপুর এলাকার মিলন মিয়ার ছেলে। সে স্থানীয় জাফর আলী প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় সাদ্দাম হোসেন (২৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শিক্ষার্থীর পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সিজনের বাবা মিলন মিয়া পেশায় রিকশাচালক। নরসিংদী শহরের কাউরিয়াপাড়া এলাকায় থাকার সময় সাদ্দাম হোসেন নামে এক ভিক্ষুকের সঙ্গে তাঁর পরিচয় হয়। সাদ্দাম কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বশিয়া তালতলা এলাকার বাসিন্দা। সম্প্রতি মিলনের সঙ্গে সাদ্দামের মনোমালিন্য হয়। এ কারণে সাদ্দাম ঈদের পর দিন বেড়ানোর কথা বলে কৃষ্ণপুরে মিলনের বাড়ি থেকে সিজন মিয়াকে নিয়ে নোয়াখালী চলে আসেন। এর মধ্যে সিজনকে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন মিলন মিয়া। ওই রাতেই মুঠোফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন সাদ্দাম। এর সূত্র ধরে গত শুক্রবার রাতে সিজনকে উদ্ধার করে পুলিশ।
মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ বলেন, ক্ষোভ থেকেই মূলত সিজন মিয়াকে অপহরণ করেন সাদ্দাম। গতকাল তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অপহরণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।