অপহরণের চার দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের চার দিন পর গতকাল বুধবার গাজীপুরের গজারি বনের ভেতর থেকে সাগর নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। এ ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন: সাজ্জাদ হোসেন (৩০), সোহেল মিয়া (৩৫), মো. আবদুল্লাহ (২৫), জয়নাল আবেদিন (৫৫) ও সালমা বেগম (৪৫)। গতকাল সকালে গাজীপুরের শিমুলতলী র‌্যাব-১-এর ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. ফারুক আহমেদ খান জানান, সাগরের বাড়ি সদর উপজেলার পূর্ব চান্দনা এলাকায়। সে স্থানীয় ছোট দেওড়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। ৪ আগস্ট বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পাশের বাড়ির ভাড়াটে সাজ্জাদ কৌশলে তাকে অপহরণ করে। পরে স্থানীয় বনখড়িয়া গজারি বনে নিয়ে হত্যার পর সাগরের বাবার কাছে মুঠোফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মঙ্গলবার রাতে সাগরের বাবা র‌্যাবের সহযোগিতা নিয়ে টাকা লেনদেনের সময় কৌশলে সাজ্জাদ, জয়নাল ও সালমাকে আটক করা হয়। এরপর তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী অন্য দুজনকেও আটক করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে গতকাল বেলা ১১টার দিকে গজারি বনের ভেতর থেকে সাগরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।