অপহরণের চার মাস পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
অপহরণের চার মাস পর কুষ্টিয়া জিলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মোতাসসিম বিন মাজেদের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে ভেড়ামারা উপজেলার নয়মাইল এলাকার একটি মাঠের মাটি খুঁড়ে পুলিশ তাঁর গলিত লাশ উদ্ধার করে। মোতাসসিম কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর ইউনিয়নের মোল্লাতেঘরিয়া গ্রামের প্রবাসী মাজেদুল ইসলামের ছেলে। কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, গত ২৩ মে সন্ধ্যায় কাগজ-কলম কেনার উদ্দেশে বাড়ি থেকে বের হয় মোতাসসিম। তার পর থেকে সে আর বাড়ি ফেরেনি। পরের দিন ২৪ মে তার মা তাসলিমা খাতুন ওই থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ওই ডায়েরিটি অপহরণ মামলা হিসেবে গ্রহণ করা হয়। জেলা গোয়েন্দা পুলিশকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পুলিশের সোর্স ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় পুলিশ শহরের হাউজিং-এ ব্লক থেকে হেলাল উদ্দিন আহম্মেদ ওরফে ড্যানি (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে। কুষ্টিয়া মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সরোয়ার জাহান প্রথম আলোকে বলেন, হেলালকে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে হূদয়ের লাশের সন্ধান দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ভোর পাঁচটার দিকে ওই স্থান থেকে মোতাসসিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে হেলাল পুলিশকে জানান, মুক্তিপণের জন্য ২৩ মে মোতাসসিমকে অপহরণ করা হয়। ওই দিন রাতেই তাকে ভেড়ামারা উপজেলার দশমাইলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার মায়ের কাছে মুক্তিপণের টাকা চাওয়া হয়। হূদয়কে আটক রাখার ঝামেলা এড়াতে পরের দিন ২৪ মে তাকে শ্বাসরোধে হত্যার পর ওই স্থানে লাশ মাটিতে পুঁতে ফেলা হয়। এ ঘটনার সঙ্গে আরও দুই ব্যক্তি জড়িত রয়েছে।