অপহরণের চেষ্টাকালে চার ভুয়া র্যাব সদস্য আটক
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের আইহর গ্রামে রোববার সকালে এক মাদ্রাসাশিক্ষককে অপহরণের চেষ্টাকালে গ্রামবাসী একটি মাইক্রোবাসসহ চারজন ভুয়া র্যাব সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে।আটক ব্যক্তিরা হলেন, বরগুনার আমতলী উপজেলার কালামপুর গ্রামের আলতাফ হোসেন, নুরুল আমিন, মো. নুরুল্লাহ ও মো. মনির হোসেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আইহর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মো. ফজলুল হক রোববার সকালে মাদ্রাসায় ক্লাস নিচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে করে সাত ব্যক্তি আসেন। তাঁরা র্যাবের সদস্য পরিচয় দিয়ে ওই শিক্ষককে আটক করেন। এ ব্যাপারে সন্দেহ হলে ওই শিক্ষক গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চান। এ নিয়ে দুই পক্ষে বাগিবতণ্ডা হলে উপস্থিত এলাকাবাসী কথিত র্যাব সদস্যদের মধ্যে চারজনকে আটক করেন। এ সময় অন্য তিনজন পালিয়ে যান। পরে ঝালকাঠি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে। শিক্ষক মো. ফজলুল হক বলেন, ‘সকাল সাতটার দিকে সাত ব্যক্তি র্যাবের লোক পরিচয় দিয়ে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে পেছন থেকে আমাকে ধরে ফেলেন। তখন আমি চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে। প্রকৃতপক্ষে তাঁরা র্যাবের সদস্য নন, আমাকে অপহরণ করতে এসেছিল।’ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, ‘আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, মো. নুরুল্লাহ মাদ্রাসাশিক্ষক ফজলুল হকের শ্যালক। অন্যরাও আত্মীয়। তাঁদের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আঙ্গারিয়া ও আমতলী থানার কালামপুর গ্রামে। আটক মো. আলতাফ হোসেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। পারিবারিক বিরোধ দেখা দেওয়ায় গত ৪ ডিসেম্বর ফজলুল হক তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে তালাক দেন। এতে ক্ষুব্ধ হয়ে ফাতেমার ভাই মো. নুরুল্লাহসহ অন্যরা ফজলুল হককে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করেন। দুমকির আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হুমায়ুন কবীর ঝালকাঠি থানায় উপস্থিত হয়ে জানান, তাঁরা ফজলুল হক এবং তাঁর স্ত্রীর বিরোধের বিষয়টি স্থানীয়ভাবে ফয়সালা করে দেবেন। পরে ওই ইউপি সদস্যের জিম্মায় আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। দুমকি থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, ‘রোববার রাতে ঝালকাঠি থানায় আটক ব্যক্তিরা আমার সঙ্গে দেখা করে গেছেন। তাঁদের পারিবারিক বিরোধের বিষয়টি আমরা আগে থেকেই জানি। স্থানীয় ইউনিয়ন পরিষদ বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছে।’