অপহরণের চেষ্টায় পুলিশের সহযোগিতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) বিরুদ্ধে এক স্কুলশিক্ষককে অপহরণের চেষ্টায় সহযোগিতার অভিযোগ উঠেছে। ওই শিক্ষক এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলা ও পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছেন।এলাকাবাসী জানান, গত বছরের নভেম্বরে আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বিভিন্ন অভিযোগে ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবদুল হামিদকে সাময়িকভাবে বরখাস্ত করেন। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আবদুল হামিদ একদল সন্ত্রাসী নিয়ে সাইফুল ইসলামের বাড়িতে হানা দেন। বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ধাওয়া করে একটি ব্যক্তিগত গাড়ি ও একটি মাইক্রোবাসসহ তাঁদের আটক করে। পরে মাইক্রোবাসে থাকা ছয় ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এলাকাবাসীকে সরে যেতে বলেন। এলাকাবাসী পিছু হটলে ব্যক্তিগত গাড়িটি পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী ডিবি পুলিশের মাইক্রোবাসটি আটক করে থানায় খবর দেন। পরে আটঘরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গাড়িসহ ডিবি পুলিশের ছয় সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাইফুল ইসলাম অভিযোগ করেন, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের ছয় সদস্য গ্রামবাসীর হাত থেকে অপহরণকারীদের রক্ষা করেছেন। সন্ত্রাসীদের সহযোগিতা করতেই ডিবির দলটি ঘটনাস্থলে গিয়েছিল। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডিবি সদস্যদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি পাবনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন বলেন, ‘এটি একটি ভুল বোঝাবুঝি। ডিবি পুলিশ মাদকের একটি অভিযানে ঘটনাস্থলে গিয়েছিল। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ‘ডিবি পুলিশের বিরুদ্ধে ওই শিক্ষকের অভিযোগ ঠিক নয়। ডিবি পুলিশ গ্রামবাসীর চিৎকার শুনেই ঘটনাস্থলে গিয়েছিল। তবু আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’