অপহরণের ছয় ঘণ্টা পর দুজন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অপহরণের ছয় ঘণ্টা পর দুই ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। অপহরণে জড়িত সন্দেহে দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন হারুন, আরিফ, মামুন, সানজিদা ও বৃষ্টি আক্তার। গতকাল মঙ্গলবার নগরের ডবলমুরিং পানওয়ালাপাড়ার একটি বাসার নিচতলা থেকে তাঁদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।
র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এএসপি মফিজুল ইসলাম প্রথম আলোকে জানান, আবুল হোসেন ও ওসমান গণি নামের দুই ব্যক্তিকে গতকাল ভোরে নগরের আগ্রাবাদের চৌমুহনী মোড়ে বাস থেকে নামার পর অপহরণ করা হয়। তাঁদের অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় অপহরণকারীরা। অপহূত ব্যক্তিদের স্বজনেরা বিষয়টি র‌্যাবকে জানায়। পরে বেলা ১১টার দিকে পানওয়ালাপাড়ার ওই বাসায় তল্লাশি চালিয়ে দুজনকে উদ্ধার করে র‌্যাব।