অপহরণের ছয় দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
অপহরণের ছয় দিন পর গত শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলার স্কুলছাত্র রানা দাসের লাশ উদ্ধার করেছে পুলিশ। আসামিদের দেওয়া তথ্য অনুসারে টরকীর একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। রানা টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।রানার লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী এবং ওই স্কুলের শিক্ষার্থীরা গতকাল শনিবার আসামি সুলতান শরীফ ও কার্তিক ভক্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।মামলার এজাহারে বলা হয়, উপজেলার সুন্দরদী গ্রামের কৃষ্ণ দাসের ছেলে রানা গত রোববার বিকেলে ওই গ্রামের মলয় দাসের পরিত্যক্ত ভিটায় ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে না এলে পরিবার ও স্বজনেরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে রানার পরিবার তার বন্ধুদের কাছে জানতে পারে, খেলা শেষে ফেরার পথে কার্তিক রানাকে ডেকে নেয়। সন্ধ্যায় পরিবারের লোকজন ও স্থানীয়রা কার্তিককে এ ব্যাপারে জিজ্ঞাসা করেন। এ সময় কার্তিকের আচরণে তাঁদের সন্দেহ হয়। তাঁরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।পুলিশের জিজ্ঞাসাবাদে কার্তিক অপহরণের মূল হোতা সুলতান শরীফ (৪৮) ও তাঁর স্ত্রী হেনা বেগমের নাম প্রকাশ করে। সুলতান একই গ্র্রামের বাসিন্দা ও ঢাকার একটি বিপণিবিতানের নৈশপ্রহরী। এ ঘটনায় গত সোমবার কৃষ্ণ দাস তিনজনকে আসামি করে শিশু পাচার আইনে মামলা করেন। ওই দিন সুলতান ও হেনাকে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার বরিশাল বিচারিক হাকিম আদালতে আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বুধবার কার্তিক ও সুলতানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ওই আদালতের বিচারক মোসাদ্দেক মিনহা।