অপহরণের ছয় দিন পরও উদ্ধার হয়নি বিশ্বনাথের স্কুলছাত্রী
অপহরণের পর ছয় দিন পেরিয়ে গেলেও সিলেটের বিশ্বনাথের সেই স্কুলছাত্রীকে উদ্ধার করা যায়নি। থানায় মামলা হলেও পুলিশ আটক করতে পারেনি অভিযুক্ত অপহরণকারীদের। ফলে উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন ওই ছাত্রীর পরিবারের সদস্যরা।২২ অক্টোবর সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরণের শিকার হয় ওই ছাত্রী। পারিবারিক সূত্র জানায়, ওই ছাত্রীর বাবা যুক্তরাজ্যের নাগরিক। অভিযোগ উঠেছে, যুক্তরাজ্য যাওয়ার লোভেই তাকে অপহরণ করে উপজেলার দূর্জাকাপন গ্রামের মরহুম ইছকন্দর আলীর ছেলে আবদুল করিম।অপহরণের দিনই ওই ছাত্রীর মা বাদী হয়ে আবদুল করিমকে অভিযুক্ত করে বিশ্বনাথ মামলা করেন। মামলার পর পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে কিন্তু করিম বা অপহরণের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। এ ব্যাপারে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) চান মিয়া বলেন, অপহরণের শিকার ওই ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।