অপহরণের তিন ঘণ্টা পর দুই সংবাদপত্র বিক্রয়কর্মীকে উদ্ধার
অপহরণের তিন ঘণ্টা পর গতকাল শুক্রবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকা থেকে দুই সংবাদপত্র বিক্রয়কর্মীকে (হকার) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। দুই হকারের নাম মো. আসিক (২০) ও সোহেল মিয়া (২৫)। তাঁদের বাড়ি হাসনাবাদ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে পত্রিকা বিক্রয়কর্মী আসিক ও সোহেল মিয়াকে হাসনাবাদ সুপার মার্কেটের সামনে থেকে ‘জরিপ বাহিনী’র প্রধান মো. জরিপ মিয়ার নেতৃত্বে অপহরণ করা হয়। পরে তাঁদের ইকুরিয়া এলাকায় একটি প্রতিষ্ঠানে নিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। প্রায় তিন ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে ইকুরিয়া থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ জরিপ মিয়ার ছোট ভাই শরীফকে (৩৫) আটক করেছে। আসিক ও সোহেল জানান, বাংলাদেশ প্রতিদিন, ভোরের কাগজ, আমাদের অর্থনীতিসহ কয়েকটি সংবাদপত্রে আজ (শুক্রবার) জরিপ বাহিনীর বিরুদ্ধে প্রতিবেদন ছাপা হয়েছে। এ জন্য তাঁদের তুলে নিয়ে মারধর করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ ওসি সাখাওয়াত হোসেন জানান, আহত দুজনকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।