অপহরণের তিন দিন পর ব্যবসায়ী উদ্ধার
অপহূত হওয়ার তিন দিন পর বগুড়ার শেরপুর উপজেলার ওষুধ ব্যবসায়ী মাসুদ রানাকে উদ্ধার করা হয়েছে। রোববার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বড়াইল গ্রামে অভিযান চালিয়ে শেরপুর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শেরপুরের ছোনকা বাজার থেকে বাড়ি ফেরার পথে অপহূত হন মাসুদ। তিনি ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামের শামছুল হকের ছেলে। শামছুল হক বলেন, শনিবার মুঠোফোনে অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইল গ্রামের মজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির মাটির ঘরের দ্বিতীয় তলায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মাসুদকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু কাশেম, আবদুর রউফ, পারভীন বেগম, ময়না খাতুন ও আমেনা বেগম নামের পাঁচজনকে আটক করা হয়েছে।