অপহরণের তিন দিন পর শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অপহরণের তিন দিন পর রিয়া আক্তার (৭) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার ভেজকী গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
তবে অপহরণের সঙ্গে জড়িত রিয়া আক্তারের বড় বোনের সাবেক স্বামী মো. রাসেলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার বিকেলে সাবেক স্ত্রীকে ফিরে পেতে তাঁর ছোট বোনকে অপহরণ করেন রাসেল। রিয়া আক্তার উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের কালাম ঘরামির মেয়ে।
থানা-পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়া আক্তারের বড় বোন কেয়া আক্তারের সঙ্গে উপজেলার কুমিরমারা গ্রামের শাহ আলমের ছেলে মো. রাসেলের পাঁচ বছর আগে বিয়ে হয়। ওই দম্পতির একটি মেয়েশিশু রয়েছে। সাত মাস আগে মাদকাসক্ত রাসেলকে কেয়া তালাক দেন। এরপর রাসেল দ্বিতীয় বিয়ে করেন। ওই স্ত্রীও সম্প্রতি রাসেলকে ছেড়ে চলে যান। দ্বিতীয় স্ত্রীর চলে যাওয়ার পর রাসেল প্রথম স্ত্রী কেয়াকে আবার বিয়ে করার চেষ্টা করেন। কিন্তু কেয়া ও তাঁর পরিবার রাজি হয়নি। এ কারণে গত শুক্রবার বিকেলে রাসেল রিয়া আক্তারকে বাড়ির সামনে থেকে নতুন জামা কিনে দেওয়ার কথা বলে নিয়ে যান।