অপহরণের তিন দিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারীতে অপহরণের তিন দিন পর সোয়াইব রহমান ওরফে সাদ (৬) নামে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। অপহরণের ঘটনায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোয়াইব উপজেলার ধামোর ইউনিয়নের দানাবীর গ্রামের মাজেদুর রহমানের ছেলে ও দানাবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র। গ্রেপ্তারকৃত আজহারুল ইসলাম (২৭) পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের বাসিন্দা।
শিশুর বাবা মাজেদুর রহমান জানান, শনিবার ভাতিজা মাহফুজ রহমানের বউভাত অনুষ্ঠান চলছিল। দুপুরের পর সোয়াইব নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিনই তিনি আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বউভাত অনুষ্ঠানের ধারণকৃত ভিডিওচিত্র দেখে অপহরণকারীকে শনাক্ত করা হয়। অপহরণের পর থেকেই আজহারুল মুঠোফোনে শিশুর মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন। মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দেওয়ার অঙ্গীকার করে মুঠোফোন ব্যাংকিং বিকাশের মাধ্যমে আজহারুলকে ৮৫ হাজার টাকা দেওয়া হয়। মঙ্গলবার রাতে তাঁরা আজহারুলের ছোট ভাই আহসান হাবীবের সহযোগিতায় পাশের বোদা উপজেলার ফুলতলা বাজার থেকে সোয়াইবকে উদ্ধার করে আজহারুলকে আটক করেন। পরে রাতেই আজহারুলকে পুলিশে সোপর্দ করা হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।