অপহরণের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার
পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের তিন দিন পর গত মঙ্গলবার রাতে তিন বছরের শিশু সানজিদার লাশ উদ্ধার করা হয়েছে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের বাহেরগজালিয়া গ্রামের হুমায়ূন কবিরের মেয়ে সানজিদা গত শনিবার রাতে উপজেলার নিমহাওলা গ্রাম থেকে অপহূত হয়।পুলিশ, এলাকার কয়েকজন বাসিন্দা ও সানজিদার পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত নয়টার দিকে সানজিদা ওই গ্রামে তার দাদি রাশিদা বেগমের বাড়ি থেকে অপহূত হয়।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, অপহরণের পর তিন দিনে অপহরণকারীরা সানজিদার চাচা এবং তাঁদের পরিবারের অন্য এক সদস্যের মুঠোফোনে ৩০টিরও বেশি খুদে বার্তা পাঠিয়ে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে। অপহরণকারীদের দাবিমতো টাকা নিয়ে বিভিন্ন স্থানে গিয়েও সানজিদাকে পাওয়া যায়নি।মঙ্গলবার রাতে লোকজন নিমহাওলা গ্রামে রাশিদা বেগমের বাবার বাড়ির অদূরে জঙ্গলের মধ্যে সানজিদার গলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।ওসি জানান, সুরতহাল দেখে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে শিশুটিকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।