অপহরণের তিন দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে অপহরণের তিন দিন পর হাসিবুর রহমান (৬) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। হাসিবুর নরসিংদী শহরের ভেলানগর মহল্লার আজিজ বোর্ডিং এলাকার সোহরাব হোসেনের ছেলে ও ব্রাহ্মণদী কে কে এম সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন নরসিংদী সদর উপজেলার বদরপুর এলাকার ইয়াছিন মিয়ার ছেলে সজীব মিয়া (২২), তাঁর বড় বোন সুমি আক্তার (২৬), একই এলাকার রুহুল আমিনের ছেলে রুবেল মিয়া (২০) ও স্বপন মিয়ার ছেলে সাকিব আহমেদ (২৬)। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় হাসিবুরকে আজিজ বোর্ডিং এলাকার বাসার সামনে থেকে অপহরণ করা হয়। তার বাবা সোহরাব পরদিন সকালে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার রাতে অপহরণকারীরা সোহরাবের মুঠোফোনে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ওই রাতেই তিনি (সোহরাব) বিষয়টি পুলিশকে জানান। ওই মুঠোফোন নম্বরে আসা কলের সূত্র ধরে গত মঙ্গলবার রাতে উল্লিখিত চারজনকে আটক করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর হাসিবুরকে হত্যা করার ঘটনা প্রকাশ পায়। এরপর গতকাল বিকেল পাঁচটার দিকে কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকার শীতলক্ষ্যা নদী থেকে পুলিশ হাসিবুরের লাশ উদ্ধার করে।সোহরাব হোসেন বলেন, ‘অপহরণকারীরা আমার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল। আমি টাকা দিতে রাজিও হয়েছিলাম। কিন্তু কেন তারা আমার সন্তানকে হত্যা করল, তা জানি না।’ নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ কে এম জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় সোহরাব হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। আটককৃত চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।