অপহরণের তিন দিন পর স্কুলশিক্ষক মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের একতা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দন সরকারকে অপহরণের তিন দিন পর গত বৃহস্পতিবার দিবাগত রাতে মুক্তি দেওয়া হয়েছে।শিক্ষক চন্দনের বরাত দিয়ে পুলিশ জানায়, শিক্ষককে (৪০) অপহরণের পর চোখ কাপড় দিয়ে বেঁধে ট্রলারে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি নির্জন ঘরের খুঁটির সঙ্গে তাঁর দুই হাত বেঁধে রাখা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নোয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা। পরে তিনি পাশের সানুয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে রাত যাপন করেন। সকালে উপজেলার নগদাপাড়া গ্রামে নিজ বাড়িতে ফিরে আসেন। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলশিক্ষক চন্দনকে মুক্তিপণ আদায়ের উদ্দেশে অপহরণ করা হয়। পরে পুলিশি তৎপরতার মুখে অপহরণকারীরা তাঁকে ছেড়ে দেয়। জবানবন্দি দেওয়ার জন্য চন্দনকে দুপুরে ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। গত সোমবার রাত দুইটার দিকে নিজ বাড়ি থেকে স্কুলশিক্ষক চন্দনকে অপহরণ করে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত। এ ঘটনায় পরদিন সকালে মধ্যনগর থানায় মামলা করা হয়।