অপহরণের তিন মাস পর শহীদুল্লাহর কঙ্কাল উদ্ধার

অপহৃত হওয়ার তিন মাস পর ময়মনসিংহের ভালুকা উপজেলার পাঁচগাঁও ঢাকিরভিটা গ্রামের একটি শৌচাগার থেকে শহীদুল্লাহ ওরফে ছয়দুলের (২১) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ৷ গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে কঙ্কালটি উদ্ধার করা হয়৷
শহীদুল্লাহ ভালুকার বর্তা গ্রামের নূর আহাম্মদ আলীর ছেলে৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদুল্লাহ ভালুকা-মল্লিকপুর সড়কে ভাড়ায় মোটারসাইকেল চালাতেন৷ ১৪ ফেব্রুয়াির সন্ধ্যায় যাত্রীবেশী দুই দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলে ভালুকা সদর থেকে মল্লিকবাড়ি যাচ্ছিল৷ পথে মোটরসাইকেলসহ শহীদুল্লাহকে অপহরণ করে তারা৷ অনেক খোঁজাখুঁজির পরও ছেলেকে না পেয়ে দুই দিন পর শহীদুল্লাহর বাবা ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন৷
পুলিশ জানায়, শহীদুল্লাহর মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে মঙ্গলবার ভালুকার পানিহাদি গ্রামের হিরন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়৷ তাঁর কাছে শহীদুল্লাহর ব্যবহৃত মুঠোফোন পাওয়া যায়৷ হিরনের তথ্য অনুযায়ী রাতেই অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চানপুর গ্রামের জহিরুলকে গ্রেপ্তার করা হয়৷ জিজ্ঞাসাবাদে তাঁদের তথ্য অনুযায়ী বুধবার রাতে পাঁচগাঁও ঢাকিরভিটা গ্রামের একটি আদিবাসী পরিবারের শৌচাগার থেকে উদ্ধার করা হয় শহীদুল্লাহর কঙ্কাল৷
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহীদুল্লাহর বাবা মুলু ওরফে রনি, হিরন ও জহিরুলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে ভালুকা থানায় হত্যা মামলা করেন৷ শহীদুল্লাহর বাবা ছেলের খুনিদের বিচার দাবি করেছেন৷
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কঙ্কালটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে৷