অপহরণের তিন সপ্তাহ পর ছাড়া পেলেন চিকিৎসক
অপহৃত হওয়ার তিন সপ্তাহ পর চিকিৎসক রিয়াদ নাসের চৌধুরী ছাড়া পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে তিনি রাজধানীর মিরপুরে নিজ বাসায় ফেরেন।
গতকাল পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাদন ফকির প্রথম আলোকে বলেন, ‘রিয়াদ নাসের চৌধুরীকে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে চোখ বাঁধা অবস্থায় আরিচায় ফেলে রেখে যাওয়া হয়। পরে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফেরেন।’ তবে কে তাঁকে তুলে নিয়ে গিয়েছিল, কোথায় রেখেছিল, সে সম্পর্কে পল্লবী থানার পুলিশ কোনো তথ্য দিতে পারেনি।
এ বিষয়ে ওই চিকিৎসকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তিনি বর্তমানে বাসায় আছেন।
রিয়াদ নাসের চৌধুরী (৩৪) মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার। অপহরণের ঘটনায় তাঁর ভাই মেধাদ নাসের চৌধুরী পল্লবী থানায় মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটার দিকে রিয়াদ নাসের চৌধুরী হাসপাতালের উল্টো দিকে একটি দোকানে বেলা সোয়া তিনটার সময় চা-পান করতে যান। সে সময় তাঁর সঙ্গে সহকর্মী মো. সালেক ছিলেন। ফেরার সময় আট-নয়জনের একটি দল রিয়াদকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
মেধাদ প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে কোস্টগার্ডের একজন কর্মকর্তার বিবাদ ছিল। এর আগেও তিনি আমার ভাইকে অপহরণের চেষ্টা করেছেন। দুটো নম্বর থেকে ফোন করে হুমকিও দিয়েছেন।’ মেধাদ আরও জানান, ওই কর্মকর্তা একসময় র্যা বে কর্মরত ছিলেন।
কোস্টগার্ডের একটি সূত্র বলেছে, ওই কর্মকর্তাকে তাঁর কর্মস্থল চট্টগ্রাম থেকে ঢাকায় সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে। একটি তদন্ত কমিটি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে।
অপহরণের ওই মামলাটি বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। ডিবির গোয়েন্দা বিভাগের উপকমিশনার (পশ্চিম) সাজ্জাদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রিয়াদ নাসের চৌধুরী শারীরিকভাবে খুবই দুর্বল। তিনি আমাদের বলেছেন, এত দিন তিনি কোথায় ছিলেন, কারা কী উদ্দেশ্যে তাঁকে তুলে নিয়ে গিয়েছিল, কিছুই তিনি মনে করতে পারছেন না। তিনি অসুস্থ বোধ করছিলেন এবং আমাদের কাছে কিছুটা সময় চেয়েছেন।’ তিনি বলেন, রিয়াদকে গতকালই আদালতে নেওয়া হয়েছিল। তিনি সুস্থ বোধ করলে পুলিশের কাছে জবানবন্দি দেবেন।