অপহরণের দায়ে টাঙ্গাইলে একজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে এক শিশুকে অপহরণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ আজ সোমবার এ রায় দেন।
ওই যুবকের নাম উজ্জ্বল (২০)। তিনি কালিহাতী উপজেলার পাইকড়া গ্রামের বাসিন্দা।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম নাছিমুল আক্তার বলেন, উজ্জ্বল ২০১৩ সালের ১৫ এপ্রিল চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পরের দিন কালিহাতী থানায় মামলা করেন। পুলিশ শিশুটিকে পরে পঞ্চগড় থেকে উদ্ধার করে।
মামলার অপর তিন আসামি উজ্জ্বলের বন্ধু ফরহাদ এবং আত্মীয় মরিয়ম ও হাকিম হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।