অপহরণের দায়ে দুজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন
মাগুরায় বাঁধন অপহরণ ও মুক্তিপণ মামলায় দুই আসামিকে ফাঁসি এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ গতকাল বৃহস্পতিবার এই রায় দেন।ফাঁসির দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মাগুরার শ্রীপুর উপজেলার বিলনাথুড় গ্রামের সিজানুর রহমান (২০) ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামের মজনু মিয়া (২৬)। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামের আতিয়ার রহমান (৪০), মো. আবদুল আলেক (৫২) ও ইনছার হোসেন (২৫)। ২০০৪ সালের ১২ এপ্রিল সকালে মাগুরা শহরের কেশব মোড় থেকে আশফাকুল হায়দার বাঁধন (১৫) নামের এক যুবক অপহূত হয়। বাঁধন ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের এহতেসামুল হায়দার মৃধার ছেলে। অপহরণকারীরা পরে বাঁধনকে মাগুরা ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে আটকে রেখে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের দুই মাস পর গত ১৩ জুন সকালে মাগুরার শ্রীপুর উপজেলার চরপাড়া গ্রাম থেকে এলাকাবাসী মিজানুর রহমান ও মজনু মিয়াকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ও বাঁধনকে উদ্ধার করে।