অপহরণের দুই ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার
চাঁদার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কুতুবপুর এলাকায় গত শুক্রবার রাতে এক ব্যবসায়ীসহ চারজনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ তাঁদের উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম আবদুল আউয়াল মিয়া। তিনি কুতুবপুর এলাকার ইপিলিয়ন প্যাকেজিং কারখানায় দীর্ঘদিন ধরে মালামাল সরবরাহ করে আসছেন। বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায়। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মালামাল সরবরাহ করতে গেলে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন কুতুবপুর গ্রামের ইমরান হোসেন, আবুল হোসেন ও হান্নান মিয়া। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাত আটটার দিকে আউয়াল ও তাঁর সহযোগী নয়ন মিয়া, বাবু মিয়া, রুবেল মিয়াকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। আউয়ালের এক আত্মীয় বিষয়টি পুলিশকে অবহিত করেন। রাত ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে কুতুবপুর গ্রামের পাশের একটি পরিত্যক্ত কারখানা থেকে চারজনকে উদ্ধার করে। এ ছাড়া ইমরান, আবুল হোসেন ও হান্নানকে গ্রেপ্তার করে।