অপহরণের দুই ঘণ্টার মধ্যে তিন শিশু উদ্ধার

সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকা থেকে আজ বুধবার অপহরণের দুই ঘণ্টার মধ্যেই তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। জেলার ছাতক উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে জাউয়াবাজার এলাকা থেকে রাত সাড়ে ৮টার দিকে এই শিশুদের উদ্ধার করা হয়।

এই তিন শিশু হলো পশ্চিম তেঘরিয়া এলাকার ওবায়েদ আহমদের ছেলে ইমন মিয়া (১৫), এরশাদ মিয়ার ছেলে রানা মিয়া (১২) ও কদানছ মিয়ার ছেলে আকাশ (১৩)।

শিশুদের স্বজনদের ভাষ্য, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাঁচ শিশু এলাকার একটি দোকানে যায়। দোকান থেকে কিছু জিনিস নিয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুৎ কার্যালয়ের সামনে এলে তাদের কাছে এসে একটি মাইক্রোবাস থামে। ওই গাড়ি থেকে তিনজন লোক নেমে তিন শিশুকে ধরে গাড়িতে তুলে নিয়ে দ্রুত চলে যায়। ঘটনার সময় লিমন ও শাওন নামে আরও দুই শিশু সেখানে ছিল। পরে তারাই দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয়।

খবর পেয়ে বাড়ির লোকজন প্রথমে ঘটনাস্থলে যান। সেখানে মাইক্রোবাসটি না দেখে থানায় খবর দেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, পুলিশ খবর পাওয়ার পরই বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। অপহরণকারীরা তিন শিশুকে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে জাউয়াবাজার এলাকায় রেখে চলে যায়। রাত সাড়ে আটটার দিকে বাজার এলাকায় ওই শিশুদের ঘোরাঘুরি করতে দেখে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির এক সদস্য বাড়ি কোথায় জানতে চাইলে তারা ঘটনা খুলে বলে। পরে তাদের পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

পুলিশের ধারণা, ব্যাপক তল্লাশি অভিযান টের পেয়ে অপহরণকারীরা শিশুদের ছেড়ে দিয়ে পালিয়ে যায়।