অপহরণের দুই দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অপহরণের দুই দিন পর গত শনিবার রাতে এক ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. হোসেন। তাঁর বাড়ি উপজেলার পাইন্দং গ্রামে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মো. হোসেনের শাশুড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে উপজেলার উত্তর ধুরুং গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।নিহত হোসেনের বোন আফসারা বেগম গতকাল প্রথম আলোকে জানান, তাঁর ভাই উপজেলার বিবিরহাট বাজারের রফিক ক্লথ স্টোরের মালিক। গত বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী গ্রামের একটি মাজারে যাওয়ার কথা বলে দোকান থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। এ ঘটনায় শনিবার ফটিকছড়ি থানায় মো. হোসেনের স্ত্রী, শ্বশুর ও শাশুড়িসহ পাঁচজনকে আসামি করে অপহরণ মামলা করা হয়। আফসারার ভাষ্যমতে, মো. হোসেনের সঙ্গে তাঁর স্ত্রীর বনিবনা হচ্ছিল না। এই নিয়ে মামলা হলে মামলার রায় মো. হোসেনের পক্ষে যায়। এর জেরেই তাঁকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয়।হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল কয়েক শ ব্যবসায়ী বিক্ষোভ মিছিল, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে তিন ঘণ্টা অবরোধ, থানা ও উপজেলা ঘেরাও কর্মসূচি পালন করেন। ওই কর্মসূচি থেকে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আকতার হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহতের শাশুড়ি বিলকিছ আকতার ও মো. বাবুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন বলেন, অপহরণ মামলার সূত্র ধরে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।