অপহরণের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের দুই দিন পর আল আমিন (৯) নামের এক শিশুর লাশ গতকাল রোববার কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। আল আমিন পাঁচথুবী ইউনিয়নের পাঁচথুবী গ্রামের ফয়েজ আহমেদের ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, আল আমিন শুক্রবার বিকেলে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অপহরণ মামলা করেন তার বাবা ফয়েজ আহমেদ। গতকাল দুপুরে আল আমিনের লাশ পাঁচথুবী ইউনিয়নের সানারচর এলাকার জলাশয়ে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সামসুজ্জামান বলেন, এলাকাবাসী পুলিশকে খবর দিলে পরে আল আমিনের লাশ উদ্ধার করা হয়। এরপর তার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। আল আমিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।