অপহরণের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের দুই দিন পর মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গতকাল মঙ্গলবার রাসেল হোসেন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার দুপুরে উপজেলার দরিরাজনগর গ্রাম থেকে রাসেলকে অপহরণ করা হয়। রাসেল উপজেলার জামির্তা ইউনিয়নের দরিরাজনগর গ্রামের দুবাই প্রবাসী আফজাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্ডেনে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করত। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রোববার দুপুর দুইটার দিকে পাউরুটি কেনার জন্য মা রেণু আক্তারের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি থেকে বের হয় শিশু রাসেল। কিন্তু সন্ধ্যা হলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে গত সোমবার রেণু আক্তার সিঙ্গাইর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল উপজেলার চরচান্দহর গ্রামের একটি জমিতে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে রাসেলের লাশ পরিবারের লোকজন শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।রাসেলের পারিবার থেকে অভিযোগ করা হচ্ছে, প্রায় দুই সপ্তাহ আগে রাসেলের চাচা আজগর আলী উপজেলার সাহরাইল ইউনিয়নের কানাইনগর গ্রামে বিয়ে করেন। কিন্তু আজগরের পরিবার এই বিয়ে মেনে নেওয়ায় কনে বাবার বাড়িতেই থাকেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। গত শনিবার মেয়ের পক্ষ বাড়ি এসে রাসেলের মাকে ‘দেখে নিব’ বলে হুমকি দিয়ে চলে যায়। এর পরের দিন রাসেল নিখোঁজ হয়। রাসেলের নানা (মায়ের মামা) ফরিদ হোসেন বলেন, গতকাল বেলা সোয়া ১১টার দিকে রাসেলের নানি খোদেজা বেগমের মুঠোফোনে অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা নিয়ে অপহরণকারী ঢাকার সাভারে যেতে বলে। এর তিন ঘণ্টা পর রাসেলের লাশ উদ্ধার করা হয়। তিনি অভিযোগ করেন, রাসেলকে অপহরণ ও হত্যার সঙ্গে আজগরের শ্বশুরবাড়ির লোকজন জড়িত রয়েছে। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, রাসেলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।