অপহরণের দুই বছর পর উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় নুরু হাওলাদারকে (৪০) অপহরণের ২২ মাস পর উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে পুলিশ উপজেলার কচুবাড়িয়া গ্রাম থেকে তাঁকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৯ ডিসেম্বর উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিঁড়া গ্রামের নুরু হাওলাদার নিখোঁজ হন। ওই ঘটনায় তাঁর স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ২০১২ সালের ১৯ জানুয়ারি প্রতিবেশী আফজাল হাওলাদারসহ নয়জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি অপহরণের মামলা করেন। গত শনিবার রাত পৌনে ১২টার দিকে মঠবাড়িয়া থানার দুইজন এসআইয়ের নেতৃত্বে পুলিশের একটি দল কচুবাড়িয়া গ্রামের নতুন রাস্তায় টহল দিচ্ছিল। এ সময় তারা এক ব্যক্তির চিৎকার শুনতে পায়। পরে পুলিশ রাস্তা থেকে নুরুকে উদ্ধার করে।
নুরু হাওলাদার বলেন, ‘অপহরণের পর আমাকে চরে নিয়ে আটকে রাখা হয়। শনিবার রাতে অপহরণকারীরা আমাকে ওই এলাকায় নিয়ে যায়। এ সময় মোটরসাইকেলের আলো দেখে আমি চিৎকার দিলে অপহরণকারীরা আমাকে রেখে পালিয়ে যায়।’