অপহরণের দুই মাস পর সিএনজি চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের প্রায় দুই মাস পর মামুন মিয়া নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ গতকাল সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো: অহিদ মিয়া, মিলন মিয়া, আলী হোসেন, শামীম হোসেন, মনির হোসেন, মাসুদ মিয়া, আ. গাফফার ও সজিব মিয়া। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে। তাদের বিরুদ্ধে ছিনতাইসহ অপরাধকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মামুনের বাড়ি উপজেলার হাতুড়াপাড়া গ্রামে। তাঁকে গত ৮ জুলাই রাতে হাতুড়াপাড়া এলাকার রাস্তা থেকে অটোরিকশাসহ অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা মামুনের পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা মামুনকে হত্যা করে। পরে বন্দর উপজেলার কাজীপাড়া গ্রামের একটি পুকুরে তাঁর লাশ কচুরিপানা দিয়ে ঢেকে রাখে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ গতকাল প্রথম আলোকে জানান, অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে গত রোববার ওই আটজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মামুনকে হত্যার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আগামীকাল (আজ) মঙ্গলবার নারায়ণগঞ্জের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।