অপহরণের দুই মাস পর স্কুলছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের দুই মাস পর এক স্কুলছাত্রীকে (১১) পুলিশ উদ্ধার করেছে। গতকাল বুধবার সকালে ঢাকার আশুলিয়া থানার বাইপাইল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহূত আশুলিয়ার গাজীরচট এলাকার একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। সে ওই এলাকার শহীদুল ইসলামের মেয়ে।আশুলিয়া থানার পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ৯ জুলাই সকালে স্কুলের সামনে থেকে কয়েক ব্যক্তি মেয়েটিকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা তাঁর মায়ের কাছে মুঠোফোনে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করতে থাকে। থানা পুলিশ না করে টাকার বিনিময়ে মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে গত ১৩ জুলাই মেয়ের মা আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকার বাসিন্দা সাইয়েম সরকারসহ চারজনকে আসামি করা হয়। মামলার পর আসামিরা দীর্ঘদিন পালিয়ে থেকে দিন পনের আগে হাইকোর্ট থেকে জামিন নেয়।পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে মেয়েটিকে চোখ বেঁধে একটি মাইক্রোবাসে করে বাইপাইল এলাকায় রেখে যায় অপহরণকারীরা। পুলিশ হেফাজতে মেয়েটি জানায়, স্কুলের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। এরপর থেকে তাকে বিভিন্ন স্থানে ঘরে আটকে রাখা হয়। এ সময় নিয়মিত খাবার দেওয়া হলেও টাকার জন্য তাকে প্রায়ই মারধর করা হতো। গতকাল সকালে চোখ বেঁধে একটি মাইক্রোবাসে করে নামিয়ে দিয়ে যায় অপহরণকারীরা। মেয়েটির মা জানান, পূর্বশত্রুতা ও অর্থের জন্যই তারা তাঁর মেয়েকে অপহরণ করেছিল। বিষয়টি ফাঁস হওয়ার পর নাম উল্লেখ করে মামলা করার কারণে টাকা না পেলেও ওরা মেয়ের ক্ষতি করতে সাহস পায়নি। মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরর পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারসহ মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করা হয়। কিছুদিন পালিয়ে থেকে উচ্চ আদালতের জামিনে থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আর এ কারণেই মেয়েটির উদ্ধার তৎপরতা বিঘ্নিত হয়।তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিরা জামিনে থাকলেও তাদের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করার কারণেই সম্ভবত মেয়েটিকে গতকাল ছেড়ে দেওয়া হয়।