অপহরণের দেড় বছর পর তরুণীকে উদ্ধার
অপহরণের প্রায় দেড় বছর পর এক তরুণীকে উদ্ধার করেছে র্যা ব। র্যা বের কর্মকর্তারা জানিয়েছেন, ওই তরুণীকে ভারতে পাচার করা হয়েছিল। ইন্টারপোলের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানোর পর পাচারকারী চক্র গত রোববার তাঁকে যশোরের বেনাপোল সীমান্তে ছেড়ে দেয়। গতকাল সোমবার ওই তরুণী পরিবারের কাছে ফিরে গেছেন। এ ঘটনায় বিভিন্ন সময় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া ওই তরুণীর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। তাঁর পরিবারের সদস্যরা জানান, ২০১৫ সালের ১৭ আগস্ট তাঁকে অপহরণ করা হয়। ঘটনার পরই ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
টাঙ্গাইলে র্যা ব-১২-এর ৩ নম্বর কোম্পানি কার্যালয়ে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, মুঠোফোনের কলের সূত্র ধরে র্যা ব তদন্ত শুরু করে। ঘটনার সত্যতা পাওয়ায় ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়। অপহরণকারীদের টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ফাঁদ পাতা হয়। এই ফাঁদে একে একে ধরা পড়েন পাচারকারী চক্রের ১১ জন। তাঁদের বিরুদ্ধে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ও ১ মার্চ টাঙ্গাইলের ঘাটাইল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দুটি মামলা করা হয়। সর্বশেষ ২৫ ডিসেম্বর আরও একজনকে গ্রেপ্তার করে র্যা ব। তাঁরা আদালতে দেওয়া জবানবন্দিতে তরুণীকে পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। বর্তমানে তাঁরা টাঙ্গাইল জেলহাজতে রয়েছেন।