অপহরণের দেড় মাস পর ছাত্রী উদ্ধার
অপহরণের প্রায় দেড় মাস পর এক কলেজছাত্রীকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা খোলারটেকি গ্রাম থেকে গতকাল শনিবার দুপুরে পুলিশ উদ্ধার করেছে। মেয়েটি কোনাবাড়ী এলাকার একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।এ ঘটনায় পুলিশ উপজেলার চন্দ্রা এলাকার সোহরাব হোসেন ওরফে সুমনকে (২৪) গ্রেপ্তার করেছে।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর এলাকার ওই কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে চন্দ্রা এলাকার বখাটে সুমন নানাভাবে বিরক্ত করত। এ ছাড়া সুমন একাধিকবার ওই ছাত্রীর বাবার মুঠোফোনে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ায় তাঁর মেয়েকে অপহরণের হুমকিও দিত। গত ৩ জুলাই ওই কলেজছাত্রী কোনাবাড়ী থেকে ক্লাস শেষে বাসযোগে উপজেলার সফিপুর বাজারে নেমে হেঁটে বাড়ি যাচ্ছিল। এ সময় সুমন আরও তিন-চারজন সহযোগীসহ তাকে অস্ত্রের মুখে একটি সাদা রঙের প্রাইভেট কারে জোর করে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে অপহূতার বাবা বাদী হয়ে গত ৬ জুলাই কালিয়াকৈর থানায় সুমনসহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে একটি অপহরণের মামলা করেন। কালিয়াকৈর থানার পুলিশ প্রায় দেড় মাস পর গতকাল কালিয়াকৈর উপজেলার চন্দ্রার খোলারটেকি গ্রাম থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণের অভিযোগে সুমনকে গ্রেপ্তার করে।কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. হাসান জানান, সুমনের নামে কালিয়াকৈর ও ধামরাই থানায় দুটি অপহরণ, কালিয়াকৈর থানায় দুটি হত্যা, দুটি ছিনতাই ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে আজ রোববার সকালে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।