অপহরণের নাটক সাজিয়ে ফাঁসানোয় গ্রেপ্তার
অপহরণের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগে তিন বছর পর সোলাইমান নামের এক ব্যক্তিকে গত মঙ্গলবার রাতে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোলাইমান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজগবন্ধু গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলার চরজগবন্ধু গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সোলাইমানের সঙ্গে একই গ্রামের এক নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
এরপর ওই নারীর পরিবার সোলাইমানকে বিয়ের জন্য চাপ দিলে তিনি (সোলাইমান) সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন।
পরে স্থানীয় লোকজন ২০১২ সালের ২১ এপ্রিল বিকেলে সালিস বৈঠকের আয়োজন করেন। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোলাইমান তাঁকে বিয়ে করতে বাধ্য হন। বিয়ের ১০ দিনের মাথায় ওই নারী একটি কন্যাসন্তান জন্ম দেন।
২০১২ সালের ১ মে সোলাইমান আত্মগোপন করেন। ৫ জুন কমলনগর থানায় সোলাইমানের বাবা মোস্তফা মিয়া বাদী হয়ে ওই নারী ও তাঁর আত্মীয়স্বজনসহ ১১ জনের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। ওই মামলায় কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ। দীর্ঘদিন কারাভোগের পর তাঁরা জামিনে মুক্তি পান।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাসিম মিয়া বলেন, দীর্ঘদিন ধরে কথিত অপহৃত সোলাইমানকে গ্রেপ্তার করার জন্য পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে। গত মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মোস্তফা আনোয়ারের নেতৃত্বে লক্ষ্মীপুরের ডিবি পুলিশ ছাতক থানা পুলিশের সহযোগিতায় সোলাইমানকে ছাতকের বিলপার এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।