অপহরণের পর কলেজছাত্রকে হত্যা
অপহরণের পর মো. শামীম নামের এক কলেজছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের বিলের জঙ্গল থেকে গত শনিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। অপহরণের পর শামীমের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা।
শামীমের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর গ্রামে। তাঁর বাবার নাম সাহাবুদ্দিন। তিনি হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।
শামীমের বাবা সাহাবুদ্দিন জানান, ১৫ আগস্ট সন্ধ্যায় শামীমের মুঠোফোনে একটি ফোন আসার পর সে বাড়ি থেকে বের হয়ে যায়। ওই দিন রাত তিনটার দিকে শামীমের মুঠোফোন থেকে তাঁর বাবার কাছে ফোন করে দুর্বৃত্তরা জানায়, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে। ১৫ লাখ টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।
এ ঘটনায় শামীমের বাবা পরদিন ১৬ আগস্ট সন্ধ্যায় হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানার পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিন বিষয়টি তদারক করেন। কুতুব উদ্দিন জানান, অপহরণকারীদের দাবি মেনে নেওয়ার কথা বলে শামীমকে উদ্ধারে রামগঞ্জ বাজার, পানিওয়ালা বাজার, দিগদাইর বাজার ও নোয়াগাঁও এলাকায় দুই দিন অভিযান চালানো হয়। কিন্তু ঘটনাস্থলে যাওয়ার পর অপহরণকারীরা তাদের মুঠোফোন বন্ধ করে দেয়।
হাজীগঞ্জ থানার ওসি দেওয়ান আবুল হোসেন জানান, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে বিলের মাঝখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশ দেখে ধারণা করা হচ্ছে, অপহরণের দু-তিন দিন পর তাঁকে হত্যা করা হয়েছে।