অপহরণের পর গৃহবধূকে ধর্ষণ চারজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক ভাড়াটেকে ঘরে তালাবদ্ধ করে তাঁর স্ত্রীকে অপহরণের পর বাড়ির মালিকের ছেলে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার উপজেলার হাবিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই গ্রামের একটি বাড়ি ভাড়া নিয়ে এক দম্পতি বাস করছেন। রোববার রাতে ওই বাড়ির মালিক মহারাজ বেপারীর ছেলে শাকিল আহম্মেদ ও তাঁর তিন সহযোগী শাহিন মিয়া, সুমন চন্দ্র দাস এবং মনির হোসেন ওই দম্পতির ঘরে প্রবেশ করেন। তাঁরা নগদ অর্থ ও অন্য জিনিসপত্র লুট করেন এবং স্বামীকে ঘরে তালাবদ্ধ করে স্ত্রীকে অপহরণ করে নিয়ে যান। পরে তাঁরা ওই গৃহবধূকে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।
ওই রাতেই সোনারগাঁ থানায় ঘটনাটি জানানো হয়। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই চারজনকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার সকালে গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় চারজনকে আসামি করে মামলা করেন। থানার ওসি রিজাউল হক বলেন, ওই চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।