অপহরণের পর জেলেকে হত্যা আরও পাঁচজনকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে বনদস্যুরা মামুন গাজী (৪২) নামের অপহূত এক জেলেকে গলা কেটে হত্যা করেছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের তালপট্টি এলাকায় গত রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাটি ঘটে। অপহরণকারীদের হাতে বন্দী আরও পাঁচজনের প্রত্যেকের জন্য পাঁচ লাখ টাকা মুক্তিপণ না পেলে বনদস্যুরা তাঁদেরও হত্যার হুমকি দিয়েছে। মামুন গাজী সাতক্ষীরার শ্যামনগরের পাতাখালী গ্রামের মুছা গাজীর ছেলে।অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পাওয়া পাতাখালী গ্রামের এমদাদুল মোল্লা ও আকবর মোল্লা জানান, দুটি মাছ ধরার ট্রলারসহ তাঁদের দুজন ও মামুন গাজীকে বুধবার বেলা ১১টার দিকে ভারতীয় কানাই বাহিনীর পরিচয় দিয়ে একদল সশস্ত্র বনদস্যু তালপট্টি এলাকার পড়নখাল এলাকা থেকে অপহরণ করে। অপহরণকারীরা একই সময়ে একটি ট্রলারসহ শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের মোশারফ হোসেন গাজী, আলী রাজসহ পাঁচজনকে অপহরণ করে। গত শনিবারের মধ্যে মাথাপিছু পাঁচ লাখ টাকা না দিলে তাঁদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে অপহরণকারীরা অন্য জেলেদের সামনে মামুন গাজীকে গলা কেটে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। তাঁরা জানান, মামুন গাজীকে হত্যার দৃশ্য দেখার পর তাঁরা অসুস্থ হয়ে পড়লে অপহরণকারীরা তাঁদের একটি মাছ ধরার ট্রলারে তুলে দেয়। রোববার রাত একটার দিকে তাঁরা শ্যামনগর উপজেলার গোলাখালী এলাকায় পৌঁছান। সোমবারের (গতকাল) মধ্যে দাবি করা টাকা না পেলে অপহূত বাকি পাঁচজনকেও মামুনের ভাগ্য বরণ করতে হবে বলে বনদস্যুরা হুমকি দিয়েছে।