অপহরণের পর দোকানির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় ৭ আগস্ট ডাকাতি প্রস্তুতির অভিযোগে মোহাম্মদ হোসেন নামের (৪৫) এক মুদি দোকানিকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে। তবে তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, রাস্তা থেকে অপহরণের তিন দিন পর মোহাম্মদ হোসেনকে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির মামলায় আসামি করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছেন তাঁরা।
মোহাম্মদ হোসেনের বাড়ি উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিছড়ার ভুতাইয়াপাড়ায়। ধলিছড়া বাজারে তাঁর মুদি দোকান রয়েছে। মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তারের ঘটনায় স্ত্রী রেহেনা বেগম গতকাল শুক্রবার কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় শ্বশুর মোহাম্মদ কালু ও সাত সন্তান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে রেহেনা বেগম জানান, ৫ আগস্ট দুপুরে জুমার নামাজ পড়ে বাড়িতে ফেরার সময় একদল লোক মোহাম্মদ হোসেনকে জোর করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়। তিনি স্বামীকে উদ্ধারের ব্যাপারে র্যাব ও পুলিশের শরণাপন্ন হন। ৮ আগস্ট অস্ত্রসহ স্বামীর ছবি স্থানীয় দৈনিক পত্রিকায় দেখে তিনি রামু থানায় যান। পুলিশ জানায়, মোহাম্মদ হোসেন কক্সবাজার জেলা কারাগারে। ৭ আগস্ট রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রামু থানায় অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে।
রেহেনা বেগম অভিযোগ করেন, ভুতাইয়াপাড়ার একদল অস্ত্রধারী তাঁর স্বামীকে অপহরণ করে। তাদের সঙ্গে পুলিশের যোগসাজশ থাকতে পারে। পুলিশ পরিচয়ে অপহরণকারীরা তাঁর কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছিল।
মোহাম্মদ কালু বলেন, বিনা কারণে অস্ত্রধারীরা তাঁর ছেলেকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।
অপহরণের ঘটনা সাজানো উল্লেখ করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ৭ আগস্ট রাতে রামুর পুরাতন বাইপাসের দক্ষিণে বসতবাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় একটি বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজসহ মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে তাঁর বিরুদ্ধে খুন ও মানব পাচারের অভিযোগে এবং বন আইনে সুনির্দিষ্ট মামলা হয়েছে।