অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া থেকে অপহরণের দুই দিন পর এক শিশুকে (১২) গত বুধবার রাতে পটুয়াখালী সদর উপজেলার কাঁকড়াবুনিয়া গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। ১৬ এপ্রিল এক ব্যক্তি তাকে অপহরণ করে পটুয়াখালীতে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির বাবা কাঁকড়াবুনিয়া গ্রামের ইলিয়াস হোসেনসহ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ধর্ষণে সহায়তা করার অভিযোগে পুলিশ গত বৃহস্পতিবার সকালে ইলিয়াসের ভায়রা কাঁকড়াবুনিয়া গ্রামের মো. নিজাম তালুকদার, তাঁর স্ত্রী তাসলিমা বেগম এবং সহযোগী হানিফকে গ্রেপ্তার করেছে। তবে ইলিয়াস পলাতক।পটুয়াখালী সদর থানা সূত্রে জানা গেছে, ওই শিশুর বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। ১৬ এপ্রিল উপজেলার তুষখালী বাসস্ট্যান্ডে ইলিয়াসের সঙ্গে তার পরিচয় হয়। ইলিয়াস শিশুটিকে নেশাজাতীয় পানীয় পান করিয়ে প্রথমে অচেতন করে ফেলেন। পরে বন্ধু হানিফের সহায়তায় ইলিয়াস ওই শিশুকে কাঁকড়াবুনিয়া গ্রামের নিজাম তালুকদারের বাড়ি নিয়ে আসেন। সেখানে আটক রেখে ইলিয়াস তাকে ধর্ষণ করেছেন বলে ওই শিশু অভিযোগ করেছে। নিখোঁজ হওয়ার পর শিশুটির পরিবারের লোকজন এ বিষয়ে ভান্ডারিয়া থানায় লিখিত অভিযোগ করে। ভান্ডারিয়া থানার পুলিশ জানতে পারে, তুষখালী বাসস্ট্যান্ড থেকে একটি শিশুকে পটুয়াখালী নেওয়া হয়েছে। ভান্ডারিয়া থানার কাছ থেকে খবর পেয়ে পটুয়াখালী থানার পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে ১৮ এপ্রিল রাতে খবর পেয়ে পুলিশ নিজাম তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ১৯ এপ্রিল পটুয়াখালী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার পর ওই শিশুকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইলিয়াসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।