অপহরণের পর ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে এক পোশাকশ্রমিককে অপহরণের পর ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেন।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নগরের দেওভোগ এলাকার সুমন সরকার ও উকিলপাড়া এলাকার হারাধন চন্দ্র পাল।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রাকিব উদ্দিন রাকিব বলেন, ২০০২ সালের ২৯ অক্টোবর রাত একটার দিকে শহরের চাষাঢ়া এলাকায় কারখানার কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই নারী শ্রমিককে সুমন ও হারাধন তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ ওই দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।