অপহরণের পর বিয়ের সিদ্ধান্ত, মা ও মেয়ের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে যাতায়াতের পথে সপ্তম শ্রেণীতে পড়া মেয়েটিকে (১২) উত্ত্যক্ত করত বখাটে ফুল মিয়া (৩০)। প্রেম নিবেদন করে দিত কুপ্রস্তাব।মেয়েটি রাজি না হলে তাকে অপহরণ করে ওই বখাটে। এ নিয়ে আদালতে মামলার পর মেয়েটিকে ছেড়ে দেয় বখাটে। গ্রামে বসে সালিস। সেখানে সিদ্ধান্ত হয়, ফুল মিয়ার সঙ্গে অপ্রাপ্তবয়স্ক মেয়েটির বিয়ে হবে। এতে ক্ষুব্ধ হয়ে ফুল মিয়ার পরিবারের সদস্যরা মেয়েটি ও তার মাকে বেধড়ক পিটিয়েছে।গত রোববার নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে মেয়েটি ও তার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।হাসপাতালে মেয়েটি ও তার মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৭ জানুয়ারি বিদ্যালয়ে যাওয়ার পথে ছোছাউড়া গ্রামের ফুল মিয়া মেয়েটিকে অপহরণ করে। তাকে ঢাকার অজ্ঞাত কোনো এক স্থানে আটকে রাখা হয়। এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি মেয়েটির মা নেত্রকোনা শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে ফুল মিয়াকে আসামি করে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।পরে মেয়েটি বাড়িতে এলে গ্রাম্য সালিসে মীমাংসা করা হবে বলে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করা এবং মামলা তুলে নিতে মেয়েটির পরিবারকে চাপ দেওয়া হয়। গত শনিবার সকালে এ নিয়ে একটি সালিস বসে। সেখানে ফুল মিয়া অপহরণের ঘটনা স্বীকার করে। সালিসে উপস্থিত সমাজপতিরা মেয়েটির সঙ্গে ফুল মিয়ার বিয়ের সিদ্ধান্ত দেন। ফুল মিয়া ওই সিদ্ধান্ত মেনে নিলেও তার চাচাতো ভাই মতি মিয়া, রুক্কু মিয়া, হাবুল মিয়া ও মাসুদ মেনে নেননি।পরদিন রোববার সকালে এ নিয়ে মেয়ের পরিবারের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে ফুল মিয়ার চাচাতো ভাইয়েরা মেয়েটি ও তার মাকে বেধড়ক মারধর করেন।ফুল মিয়ার চাচাতো ভাই মতি মিয়া বলেন, ভাইয়ের এমন কুকর্মের কারণে সমাজে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তাঁর ভাইকে মারধর করা হয়েছে। মেয়েটি ও তার মাকে মারধর করা হয়নি। পূর্বধলা থানার ওসি আসাদুজ্জামান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।