অপহরণের পর মাইক্রোবাস উল্টে ধরা
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১১ লাখ টাকাসহ এক ব্যবসায়ীকে তুলে পালানোর সময় ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে অপহরণকারীদের মাইক্রোবাস উল্টে যায়। পরে স্থানীয় লোকজন টাকাসহ ব্যবসায়ীকে উদ্ধার করে। পাঁচ অপহরণকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
আটক পাঁচজন হলেন ভোলার দৌলতখান উপজেলার সাব্বির আলী, চাঁদপুরের মতলবের উত্তর ফতেপুর গ্রামের মোহন মিয়া, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ছলকা গ্রামের জাহাঙ্গীর আলম, বরিশাল সদর উপজেলার হুমায়ুন কবীর ও মাদারীপুর সদর উপজেলার শিবখারা গ্রামের ইউসুফ হাওলাদার। তবে মাইক্রোবাসটির চালক পালিয়ে যান।
পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা তিনটায় ইসলামী ব্যাংকের পীরগঞ্জ শাখা থেকে ১৩ লাখ টাকা তোলেন পাট ব্যবসায়ী হাফিজুর রহমান। সেখান থেকে দুই লাখ টাকা অন্য এক ব্যবসায়ীকে দেন। পরে তিনি ১১ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে উপজেলার ছোট উজিরপুরে নিজ বাড়ি ফিরছিলেন। পীরগঞ্জ পৌর এলাকার চওড়ারহাট এলাকায় একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে। চার দুর্বৃত্ত হাফিজুরের মাথায় আঘাত করে। পরে তাঁকে মাইক্রোবাসে তুলে চম্পট দেয়। পথে মিঠাপুকুর উপজেলার শাল্টিগোপালপুর এলাকায় একটি রিকশাভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি উল্টে যায়। স্থানীয় লোকজন সেখানে ছুটে যায়। এ সময় মাইক্রোবাসের ভেতর থেকে ব্যবসায়ী হাফিজুর সাহায্যের জন্য চিৎকার করেন। পরে লোকজন তাঁকে উদ্ধার করে। তাঁর কাছ থেকে শুনে লোকজন ওই পাঁচ দুর্বৃত্তকে আটক করে পরে পুলিশে সোপর্দ করে।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ১১ লাখ টাকাসহ ব্যবসায়ী হাফিজুরকে উদ্ধার করা হয়।