অপহরণের পর শিশু হত্যা
ঢাকার কেরানীগঞ্জে অপহরণের পর নাফিস (৬) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দা এলাকায় বাসার একটু কাছ থেকে নাফিসের লাশ উদ্ধার করে পুলিশ।নাফিস সোনাকান্দার প্রভাতি বিদ্যানিকেতনে প্লে গ্রুপের ছাত্র। তার বাবা আরব আলী কুয়েতে থাকেন।নাফিসের মামা ইলিয়াস আলী বলেন, মঙ্গলবার বিকেলে চকলেট কেনার জন্য বাড়ি থেকে বের হয় নাফিস। এরপর অনেক খোঁজ করেও ওর সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পরদিন বুধবার সকালে কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।নাফিসের নানা বাচ্চু মিয়ার ভাষ্যমতে, জিডির পর অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি তাঁদের প্রতিবেশী রুহিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আলী ও প্রতিবেশী আবদুস সালামের মুঠোফোনে জানায়, নাফিসকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ বাবদ পাঁচ লাখ টাকা দিতে হবে।ইউপি চেয়ারম্যান আবদুল আলী প্রথম আলোকে বলেন, ‘অপহরণকারী পাঁচ লাখ টাকা চাইলেও টাকা কখন কোথায় দিতে হবে তা না জানিয়েই ফোন কেটে দেয়। এরপর বিষয়টি পুলিশ ও নাফিসের পরিবারকে জানাই।’কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাইনউদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা নাফিসকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারের চেষ্টা করেছিলাম। কিন্তু গতকাল সকালে বাড়ি থেকে ২০০-২৫০ গজ দূরে একজনের বাড়ির সামনে নাফিসের লাশ পাওয়া যায়।’পুলিশ কর্মকর্তা বলেন, ‘অপহরণকারীরা নাফিসকে শ্বাসরোধে হত্যার পর ঘাড় ভেঙে ফেলেছে। আমাদের ধারণা, সোনাকান্দা গ্রামের কেউ বা শিশুটির পরিবারের পরিচিত ব্যক্তি এ বর্বর ঘটনায় জড়িত। তা না হলে আরব আলীর প্রতিবেশীদের নম্বর অপহরণকারীর পাওয়ার কথা নয়।’নিহত নাফিসের নানা বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ‘হয়তো আমাদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। আমরা চিনে ফেলব ভেবে তারা মুক্তিপণ না নিয়েই নাফিসকে খুন করে।’নাফিসের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেছেন বাচ্চু মিয়া।দুই ভাই ও এক বোনের মধ্যে নাফিস ছিল সবার ছোট। তার মৃত্যুর খবরে বাবা আরব আলী কুয়েত থেকে রওনা দিয়েছেন বলে স্বজনেরা জানিয়েছেন।