অপহরণের পর শিশুকে নৃশংসভাবে হত্যা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গত সোমবার রাতে ঘরের বেড়া কেটে অপরহরণ করে নিয়ে যাওয়া এক শিশুর মস্তকবিহীন লাশ গতকাল মঙ্গলবার সকালে পুলিশ উদ্ধার করেছে। খুন হওয়া শিশুটির নাম সামিনা আক্তার (৯)। সে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি গ্রামের আবুল হাশেমের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত ১২টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরের বেড়া কেটে মায়ের পাশে ঘুমিয়ে থাকা সামিনাকে তুলে নিয়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। পরে সকালে পাশের আদিত্যপাশা গ্রামে একটি মস্তকবিহীন লাশ পাওয়া যাওয়ার কথা শুনে আবুল হাশেম ঘটনাস্থলে গিয়ে মেয়েকে শনাক্ত করেন।
আবুল হাশেম বলেন, তাঁর নিষ্পাপ শিশুটিকে কে, কী অপরাধে এভাবে হত্যা করল তা তিনি বুঝতে পারছেন না।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাকির রাব্বানী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ধারালো অস্ত্র দিয়ে শিশুটির থুতনির ওপর থেকে মাথা শরীর থেকে আলাদা করে ফেলা হয়েছে। আর যে ঘরে ওই বাচ্চাটি ঘুমিয়ে ছিল, সেটির বেড়া নিঃশব্দে কেটে ফেলা সম্ভব বলে তিনি জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বলেন, নৃশংসভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। বাচ্চাটির মাথা এখনো খুঁজে পাওয়া যায়নি। তিনি জানান, শিশুর মা আসমা আক্তার থানায় হত্যা মামলা করেছেন। কয়েক দিনের মধ্যে অপরাধীদের শনাক্ত করার আশা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।