অপহরণের পর শিশুকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় অপহরণের পর রিয়াদ হাসান (৯) নামের এক শিশুকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা দিঘির পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। রিয়াদ সাতক্ষীরা সদরের কুচপুকুরের জিয়াউর রহমানের একমাত্র ছেলে এবং কদমতলা কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্র।
সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী আবদুল লতিফ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর শ্যালক জিয়াউর রহমানের ছেলে রিয়াদ বাড়ির সামনের কদমতলা-বাঁশদাহ সড়কে বাইসাইকেল চালাচ্ছিল। একপর্যায়ে একটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে তাকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তার আর সন্ধান মেলেনি। গতকাল সকালে বলাডাঙ্গা দিঘির পাড়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
আবদুল লতিফ আরও জানান, তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাই ধারণা করা হচ্ছে, জামায়াত-শিবির সাতক্ষীরাসহ দেশে যে নাশকতা চালাচ্ছে, তার অংশ হিসেবে রিয়াদকে অপহরণ ও হত্যা করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা মারুফ হাসান জানান, রিয়াদের মাথার বাঁ পাশে একটি গুলি করা হয়েছে। এ ছাড়া মাথার বাঁ পাশে আরও দুটি জখমের চিহ্ন রয়েছে। পেটেও তিনটি জখমের চিহ্ন রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, কী কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।