অপহরণের পর শিশুকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রাম থেকে অপহরণের পর মাকসুদুল হক (৬) নামের এক শিশুকে হত্যা করা হয়েছে। গতকাল রোববার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কালিয়া গ্রামের খোলাঘাট সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গত শনিবার গ্রামের বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুর রহমান জানান, লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে মাকসুদুলের চাচা ইসমাইল মুসুল্লি লাশটি শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতের চাচা ইসমাইল মুসুল্লি জানান, গত শনিবার দুপুর ১২টার দিকে বাড়ির তাঁতকলের কর্মচারী মোস্তফা কামাল চকোলেট খাওয়ানোর কথা বলে তাকে নিয়ে যান। মোস্তফা কামাল রাতে একা বাড়ি ফিরে এলে মাকসুদুলের কথা জানতে চাইলে জানান, দুপুরেই তাকে বাড়িতে রেখে গেছেন। মোস্তফার আচরণে সন্দেহ হলে তাঁকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।সিরাজগঞ্জের বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাকসুদুলকে অপহরণের কথা স্বীকার করেন মোস্তফা। নিহতের আরেক চাচা আওয়াল মুসুল্লির নির্দেশে তিনি এ কাজ করেন। মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল তাঁদের। শনিবার রাতে ঢাকার শাহআলী থানা এলাকা থেকে আওয়ালকেও আটক করা হয়। এ ঘটনায় মাকসুদুলের বাবা সারোয়ার মুসুল্লি বেলকুচি থানায় মামলা করেছেন।চালককে জবাই আমাদের উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, গতকাল সকালে পাবনার সাঁথিয়া থেকে আশরাফুল ইসলাম (২২) নামে একজন সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালিয়া গ্রামে। এ ঘটনায় গতকাল উল্লাপাড়ার সব রুটে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা যাত্রী পরিবহন বন্ধ রাখেন।আশরাফুল ইসলামের বাবা আবদুল খালেক জানান, গত শনিবার রাতে আশরাফুল বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে খবর পেয়ে সাঁথিয়ায় গিয়ে লাশ শনাক্ত করি। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে উল্লাপাড়ার শামীম হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।